রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

 

অদ্বৈত চেতনা, ভক্তি, ত্যাগ ও সাধনার মহামিলনে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে শুরু হয়েছে বাংলাদেশের একমাত্র ও ঐতিহ্যবাহী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। ১১ দিনব্যাপী এই মহাধর্মীয় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এক বিশাল ও বর্ণাঢ্য মহা শোভাযাত্রা।
ঋষিধাম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নির্ধারিত সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঋষিধামে এসে শেষ হয়। এতে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্তবৃন্দ, সাধু-সন্ন্যাসী, ঋষি, যোগী ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাজুড়ে ধর্মীয় পতাকা, শঙ্খধ্বনি, কীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ, ঢাক-ঢোল ও আধ্যাত্মিক সংগীত পুরো এলাকায় সৃষ্টি করে এক ভাবগম্ভীর ও পবিত্র পরিবেশ।
শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। বিশেষভাবে সুসজ্জিত ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে তিনি শোভাযাত্রায় অংশ নেন। তাঁকে ঘিরে ভক্তদের আবেগ ও উৎসাহ পুরো আয়োজনকে দেয় এক অনন্য ধর্মীয় ঐতিহ্যের আবহ।
উদ্বোধন অনুষ্ঠানে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের উদ্যোগে মোহন্ত মহারাজ কবুতর ও বেলুন উড়িয়ে শান্তি, সম্প্রীতি ও বিশ্বমানবতার বার্তা প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
৬৩ বছরের ঐতিহ্যবাহী এই ঋষিকুম্ভ ও কুম্ভমেলা হিন্দু ধর্মীয় মতে আত্মশুদ্ধি, পাপক্ষয় ও মোক্ষলাভের পথ অনুসন্ধানের এক মহাযজ্ঞ। প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত এই কুম্ভসদৃশ মহামেলায় স্নান, পূজা, নামস্মরণ ও সাধনার মাধ্যমে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ নারী-পুরুষ ভক্ত সমবেত হন।
মেলা শুরুর আগের দিন শুক্রবার থেকেই বৈদিক রীতি অনুযায়ী পূজা-অর্চনা, যজ্ঞ, নামসংকীর্তন, ধ্যান-যোগ সাধনা ও সাধুসমাবেশের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম শুরু হয়। শনিবারের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আনুষ্ঠানিক যাত্রা সূচিত হলো।
আয়োজক সূত্র জানায়, এবারের মেলা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব প্রস্তুতি। ভক্তদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও ধর্মীয় আচার নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী ১১ দিন বাঁশখালী ঋষিধাম পরিণত হবে এক আন্তর্জাতিক তীর্থভূমিতে—যেখানে জাতি, দেশ ও ভাষার ভেদাভেদ ভুলে অদ্বৈত চেতনা ও বিশ্বমানবতার বাণী উচ্চারিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme