
রেজাউল করিম নিজস্ব প্রতিবেদক:
১লা সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী প্রশাসনের কঠোর অভিযান চালিয়ে বেলকুচির মুকুন্দগাঁতী এলাকার ফুটপাত ও রাস্তাঘাট অবৈধ দোকানপাট থেকে উচ্ছেদ করা হয়। সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে এই উদ্যোগ নেওয়া হলেও, স্থানীয়দের একাংশের নিয়ম অমান্য করার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযানের রেশ কাটতে না কাটতেই, একই দিন বিকেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তার ওপরে পুনরায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকান বসিয়েছেন এক ব্যক্তি। যেখানে সারাদিন প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যস্ত সময় পার করল, সেখানে কিছুক্ষণের মধ্যেই ফুটপাত আবার আগের মতো দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
প্রশাসনের এই নির্দেশকে যারা তোয়াক্কা করছে না, সেই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত স্বনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফুটপাতে স্থায়ী শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।