
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর নৌ থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড় কয়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. আব্দুল জলিল (৫০) এবং একই গ্রামের মৃত ফজেল শেখের দুই ছেলে মো. শাহাদত হোসেন (৩০) ও মো. ইবাদত (২৪)।
সদর নৌ থানা পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।