
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
৫ই অক্টোবর সোমবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল রেজা, সোহাগপুর এসকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান।