
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেলকুচি পৌর এলাকাস্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে দিনব্যাপী এক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড ও এর আশপাশের ফুটপাত দখল করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিলেন। এর ফলে রাস্তা সংকুচিত হয়ে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। জনভোগান্তি নিরসন ও মহাসড়কে নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “জনস্বার্থে এবং মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো বরদাশত করা হবে না। ভবিষ্যতে যেন পুনরায় কেউ ফুটপাত দখল করতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
অভিযানকালে বেলকুচি সহকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান ও বেলকুচি থানার ওসি তদন্ত মোঃ জহুরুল ইসলাম, সহ পুলিশের একটি চৌকস দল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পথচারী ও সচেতন মহল।