
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকাকে অপরাধমুক্ত ও তরুণ সমাজকে মাদকের ছায়ামুক্ত করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিয়ে,নারী নির্যাতন ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠকে সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান।
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
মাদক কারবারি ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়। সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি থানাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়।
অপ্রাপ্তবয়সী মেয়েদের বিবাহ দেওয়ার সামাজিক ও আইনি অপকারিতা তুলে ধরে অভিভাবক, কাজী ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাল্যবিয়ে প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও রাস্তায় চলাচলের সময় মেয়েদের উত্যক্ত বা ইভটিজিং করার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। চুরি, ডাকাতি ও সামাজিক বিরোধ মেটাতে গ্রাম পর্যায়ে নজরদারি বাড়ানোর জন্য স্থানীয়দের সাথে নিয়ে পুলিশি টহল জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে যৌথভাবে সামাজিক অপরাধ প্রতিরোধের তাগিদ দেওয়া হয়। যেকোনো অপরাধের তথ্য সরাসরি থানায় বা ৯৯৯-এ জানানোর পরামর্শ দেওয়া হয়। সচেতনতামূলক উঠান বৈঠকে বেলকুচি থানার এস আই মামুন, এএস আই নয়ন, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রিজন আহমেদ, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।