
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া ‘অবমাননাকর’ অশালীন মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

৪ই ফেব্রুয়ারী বুধবার সকালে বেলকুচি উপজেলা চালা বাসস্ট্যান্ড থেকে সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে কর্মজীবি নারীরা বলেন, কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নারীদের শ্রম, আত্মত্যাগ ও সম্মানকে অবমূল্যায়ন করে দেওয়া এ ধরনের মন্তব্য শুধু নারীদের নয়, পুরো সমাজকেই অপমান করার শামিল। তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের বক্তব্য নারীদের প্রতি বিদ্বেষ ও অসম্মানকে উসকে দেয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ওই অশালীন মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা। অতিদ্রুত প্রকাশ্যে ক্ষমা না চাইলে এর চেয়ে কঠিন আন্দোলন ও বিক্ষোভ করা হবে বলে জানান তারা।