
রুহুল আমিন,মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২ টার উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জনা গেছে, মজনু ও দ্বীন ইসলাম এলাকার চিহ্নিত চোর। তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গরু-ছাগল ও বাসাবাড়িতে চুরি করতো। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের ইউনুছ আলীর ছেলে শাকিল মিয়ার বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বীন ইসলামসহ ৫-৬ চোর। এসময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে মজনু ও দ্বীন ইসলামকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসী। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে রাত সাড়ে ৩ টার দিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় থানা পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ছয়ানী গ্রামের বাসিন্দা আমিনুর রহমানসহ স্থানীয় অনেকেই বলেন, মজনু ও দ্বীন ইসলাম এলাকার চিহ্নিত চোর। তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গরু-ছাগল, মোবাইল ও বাসাবাড়িতে চুরি করতো। ওদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসারও অভিযোগ রয়েছে।
এবিষয়ে জানতে নিহত দুজনের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে জনরোষের ভয়ে তাদের স্বজনরা আত্মগোপনে রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, নিহত মজনু মিয়া ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় চুরি, চাঁদাবাজি ও মাদকব্যবসার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকার শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।