
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বাস্তবমুখী হাত ধোয়া অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮শে অক্টোবর বুধবার দুপুরে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস রোগবালাই প্রতিরোধে সবচেয়ে সহজ এবং কার্যকর মাধ্যম। ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে খাবার গ্রহণ ও পরিবেশনের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পরে সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া জরুরি। বক্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার সঠিক সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে সঠিক নিয়মে হাত ধোয়ার ৬টি ধাপ প্রদর্শন ও বাস্তব অনুশীলন করানো হয়। উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হাত ধোয়ার এই মহড়ায় অংশ নেয়।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।