রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা তদন্ত ওসি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ রানা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ ঈমান আলী, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তার, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল। আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমিক সৈনিক ও আপামর জনতা সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের পরিচালনার দায়িত্বে নিয়ে আসে। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদের নবযাত্রার এক অবিস্মরণীয় মাইলফলক।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় ৭ই নভেম্বরের চেতনা আমাদের সবচেয়ে বড় প্রেরণা। সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা।