রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরি ও ডাকাতির উপদ্রব কমাতে স্থানীয় বিভিন্ন প্রবেশমুখে বাঁশকল (ব্যারিকেড) স্থাপন এবং গ্রামবাসীর সমন্বয়ে নৈশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভীর রাতে সরেজমিনে এসব নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
১৩ই অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বেলকুচির বিভিন্ন পয়েন্টে স্থাপিত এসব প্রতিরোধ ব্যবস্থা ও পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে পুলিশ সুপার পাহারা দল ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের এমন সম্মিলিত সামাজিক প্রতিরোধ অপরাধীদের অপতৎপরতা রুখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার রাখা।
অপরিচিত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলে তাৎক্ষণিক তল্লাশি চালানো।
কোনো অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা নজরে এলে দ্রুত নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার কথা বলেন তিনি। বাঁশকল পরিদর্শন কালে সঙ্গীও পুলিশ ফোর্স সাথে নিয়ে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁশকল স্থাপন ও পুলিশের গভীর রাতের আকস্মিক উপস্থিতির কারণে এলাকায় নিরাপত্তা বোধ ফিরে এসেছে এবং চোর-ডাকাতদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।