রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড তামাই পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
২রা অক্টোবর শুক্রবার বিকেলে তামাই পশ্চিম পাড়া জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ লতিফ শেখ।
উৎসবমুখর ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াড়দের চোখধাঁধানো নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী (চ্যাম্পিয়ন) এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম রেজা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহবায়ক ও ১,২,৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ হাসি খাতুন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার মুরুব্বিরা।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তামাই পশ্চিম পাড়ার যুবকদের এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়।
পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। উক্ত খেলাটি ২-০ গোলে সমাপ্তি হয়।