রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে সেপ্টেম্বর শনিবার বিকেলে বেলকুচি থানা চত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তারুজ্জামান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা সার্কেল এসপি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ রায়, বেলকুচি উপজেলা হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সহ অনেকেই বক্তব্য রাখেন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা বিধান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আগাম পদক্ষেপ গ্রহণ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে। প্রতিটি মণ্ডপে আনসার ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজনে পুলিশের বিশেষ কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরে দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব আয়োজনে তারা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় বেলকুচি থানার পুলিশ কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।