আল ইমরান মনু চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঘোড়জান, খাষকাউলিয়া, খাষপুকুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৬শ শিক্ষার্থী উপকৃত হয়েছে।
শনিবার দিনব্যাপী এসব উপকরণ বিতরণ করা হয়। সকাল ১০টায় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘোড়জান ও খাষকাউলিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে উপকরণ তুলে দেওয়া হয়।
এরপর দুপুর সাড়ে ১২টায় খাষপুকুরিয়া ইউনিয়ন এবং বিকেল ৩টায় বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপকরণ পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতিটি শিক্ষার্থীর জন্য উপকরণ প্যাকেজে ছিল তিনটি কলম, একটি পেন্সিল, একটি স্কেল, একটি রাবার (ইরেজার), একটি কাটার, একটি জ্যামিতি বক্স এবং একটি ফাইল।
নজরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হাকিম জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে উপজেলার প্রতিটি স্কুল ও মাদরাসায় ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণের পরিকল্পনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।